মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মৌলভীবাজার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জালাল মিয়া (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
শনিবার বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জালাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে জালাল পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ঘরের সিলিংয়ের ওপর রাখা চারটি প্যাকেট থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া শয়নকক্ষের বক্স খাটের ড্রয়ারে বিক্রির জন্য প্রস্তুত অবস্থায় রাখা আরও ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) উত্তম কুমার বিশ্বাস।
পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে পলাতক আসামি জালাল মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্তসহ মোট সাতটি মামলা রয়েছে।
এ বিষয়ে অভিসার ইনচার্জ (ডিবি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ
dnabdlive@gmail.com